ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা
ইরানে সাম্প্রতিক বিক্ষোভ দমনে কঠোর দমন-পীড়নের অভিযোগে দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে রাশিয়াকে সমর্থন দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।
ইইউ কূটনীতিকদের মতে, বৈঠকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার বিষয়ে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। এ ক্ষেত্রে আইআরজিসিকে ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার মতো সংগঠনের কাতারে রাখা হবে, যা ইরানের নেতৃত্বের প্রতি ইউরোপের অবস্থানে একটি প্রতীকী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ফ্রান্সসহ কয়েকটি ইইউ সদস্যরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে অনিচ্ছুক ছিল। তবে বুধবার ফ্রান্স এই উদ্যোগে সমর্থনের কথা জানালে সিদ্ধান্তের পথ অনেকটাই সহজ হয়। যদিও এ ধরনের সিদ্ধান্ত অনুমোদন পেতে ইইউ এর ২৭ টি সদস্য দেশের সর্বসম্মতি লাগে।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গঠিত আইআরজিসি ইরানের শিয়া ধর্মীয় শাসনব্যবস্থার রক্ষাকবচ হিসেবে পরিচিত। বাহিনীটি দেশটির অর্থনীতির বড় অংশ ও সামরিক কাঠামোর ওপর প্রভাব বিস্তার করে আসছে। পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির দায়িত্বেও রয়েছে এই বাহিনী। সূত্র: রয়টার্স

Comments
Post a Comment